৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ১৫: ৫২
৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুর টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের শেষ সেশনে চাপে পড়ে গেছে পাকিস্তান। চা-বিরতিতে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান থাকলেও বিরতির পর দ্রুত দুই উইকেট হারিয়েছে। এতে ম্যাচে শক্ত অবস্থান নিয়েছে টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৪২ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট। অন্যদিকে বাংলাদেশের দরকার সেই ৫ উইকেট।

চা-বিরতির পর প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। সেট ব্যাটার আবদুল্লাহ ফজলকে ৬৬ রানে এলবিডব্লিউ করে ফেরান এই বাঁহাতি স্পিনার। এরপর পরের ওভারেই তাসকিন আহমেদের বলে গালিতে ক্যাচ দেন সালমান আগা। ২৬ রান করে ফেরেন তিনি। মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে।

এর আগে ২৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে ২ রান করা ইমাম উল হক উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন।

লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজ বোল্ড করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে। ১৫ রান করে ফেরেন তিনি। এরপর নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদও। ২ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি।

বাংলাদেশ এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

এদিকে, পঞ্চম দিনে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও বড় ইনিংস খেলতে পারেননি অভিজ্ঞ ব্যাটাররা। মুশফিকুর রহিম ২২ এবং লিটন দাস ১১ রান করে বিদায় নেন। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ এক ইনিংস খেলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতকের পথে ছিলেন তিনি। কিন্তু নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ৮৭ রানে থামেন শান্ত। ১৫০ বলে ৭টি চারে সাজানো ছিল তার ইনিংস।

মেহেদী হাসান মিরাজ ২৪ রান করে আউট হলে দ্রুতই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে হাসান আলি ও নোমান আলি দুটি করে উইকেট নেন।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান করেছিল। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement