ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দ্বৈত আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের পিনু রহমানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দ্বৈত আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের পিনু রহমানের

আন্তর্জাতিক আলোকচিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি পৃথক বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান।

ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসের পিপল বিভাগে তার ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবিটি সেরা নির্বাচিত হয়ে জিতেছে মর্যাদাপূর্ণ প্যাঞ্জিয়া প্রাইজ (Pangea Prize)। অন্যদিকে, সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসের (সিপা) ডকুমেন্টারি অ্যান্ড ফটো জার্নালিজম বিভাগে তার ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবিটি পেয়েছে ‘হাইলি কমেন্ডেড’ (Highly Commended) স্বীকৃতি।

শনিবার (১০ অক্টোবর) ইতালির ঐতিহাসিক শহর সিয়েনার তিয়াত্রো দেই রিনোভাতিতে সিয়েনা অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া এ আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর পিনু রহমান বলেন, ‘আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

২০১২ সাল থেকে আলোকচিত্রচর্চার সঙ্গে যুক্ত পিনু রহমান মানুষ, সমাজ, ভ্রমণ ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে নানা গল্প তুলে ধরছেন। এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল উইনার নির্বাচিত হন তিনি।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর সিয়েনা অ্যাওয়ার্ডসের তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারের বেশি ছবি জমা পড়ে। প্রতিযোগিতাগুলো হলো সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস, ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ও ড্রোন ফটো অ্যাওয়ার্ডস। উৎসবটি ১০ অক্টোবর শুরু হয়েছে, চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। সিয়েনা ও আশপাশের বিভিন্ন স্থানে এর আয়োজন করা হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো উৎসবের মূল প্রদর্শনী ‘পিপল শেয়ারিং অল দ্য ওয়ার্ল্ড’-এ প্রদর্শিত হবে। পাশাপাশি, আয়োজকদের তথ্য অনুযায়ী, ছবিগুলো দ্বিভাষিক বিশেষ ফটোবুক সিরিজ ‘বিয়ন্ড দ্য লেন্স’-এও স্থান পাবে।

এবারের সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে বর্ষসেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন ইতালির স্তেফানো রোসেল্লি। আফগানিস্তানে ধারণ করা তার ‘আমিনা’ শিরোনামের ছবি এ সম্মান পেয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement