ইসলামপন্থিদের আপত্তির মুখেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে সমঝোতা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৮: ৫৮

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে জাতিসংঘের সঙ্গে তিন বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে অন্তর্বর্তী সরকার। এ কার্যালয় বাংলাদেশে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘ।

হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠন ঢাকায় এই কার্যালয় স্থাপনে আপত্তি জানিয়ে বিরোধিতা করে আসছে। এ কার্যালয় স্থাপন করা হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১৮ জুলাই) জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমঝোতা স্মারক সইয়ের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সপ্তাহেই চুক্তিটি সই হয়েছে। তবে চুক্তি সইয়ের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কার্যালয়টি মানবাধিকার সংস্কারে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় একটি ব্যাপক তথ্য-উদ্ধারমূলক তদন্ত পরিচালনা করছে।

ফলকার টুর্ক বলেন, এই সমঝোতা স্মারক সই দেশের মানবাধিকার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমাদের কার্যালয়কে আমাদের তথ্য-উদ্ধার প্রতিবেদনে প্রদত্ত সুপারিশগুলোর বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে।

এ কার্যালয় স্থাপনের ফলে বাংলাদেশে সরকারের পাশাপাশি সিভিল সোসাইটি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সরাসরি মাঠপর্যায়ে যুক্ত হয়ে দেশে চলমান মৌলিক সংস্কারে জাতিসংঘ আরও বেশি দক্ষতার সঙ্গে সহায়তা দিতে পারবে বলেও উল্লেখ করেন ফলকার টুর্ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের নতুন মিশনটি সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যেন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করা যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি কর্মীদের সক্ষমতা বাড়াতে কাজ করবে মিশনটি।

এর আগে ঢাকায় জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রসঙ্গ আলেচানায় আসার পর থেকেই বিশেষ করে ইসলামপন্থি মহল থেকে এর বিরোধিতা করা হচ্ছে। এসব দল ও সংগঠনের নেতারা বলছেন, এই কার্যালয়টি ইসলামিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে বিরোধপূর্ণ। এর মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হতে পারে, যা ইসলামি নৈতিকতা ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।

সবশেষ গত শুক্রবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে এক প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ থেকে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী শাখার সেক্রেটারি মাওলানা মামুনুল হক।

সরকারকে সতর্ক করে মামুনুল হক বলেন, জাতিসংঘের তথাকথিত মানবাধিকার বাস্তবে ইসলাম ও মানবতার পরিপন্থি পশ্চিমা আদর্শের হাতিয়ার। খাল কেটে কুমির আনার অধিকার সরকারকে কেউ দেয়নি। আমরা এই মানবাধিকার কার্যালয় ঢাকায় প্রতিষ্ঠিত হতে দেবো না। সরকার যদি এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে না আসে, তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ সারা দেশে তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৬ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৮ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৯ ঘণ্টা আগে