এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, “সচিব ও শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল প্রসঙ্গে বিস্তারিত তথ্য ২৬ তারিখে জানানো হবে।”
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশ ও তা জানার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কিছু জেলায় নির্ধারিত সময়ের পরে পরীক্ষা নেওয়া হয়।
গত বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের ৬১ দশমিক ৪৫ শতাংশ।
২০২৫ সালের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পান ৬৩ হাজার ২১৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা ছিল ৪ হাজার ২৬৮ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৬১০ জন।














