রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে তৈরি জাতীয় অবস্থানপত্র প্রকাশ উপলক্ষে এ আয়োজন করা হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।
আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনের কাজ চালিয়ে যাচ্ছে। সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনাও তুলে ধরতে চায় দেশটি।
শামা ওবায়েদের মতে, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের বিষয় দুটিকে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং এ সহায়তা মূলত অনুদান হিসেবে দিতে হবে, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক আলোচনায় কার্যকর ফল পেতে বাংলাদেশের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, “সবকিছুতে আমাদের একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে। যাতে বৈশ্বিক পরিমণ্ডল, নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।”
কপ-৩১ প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে বলেও জানান শামা ওবায়েদ। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদের এ উদ্যোগে যুক্ত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।













