বঙ্গোপসাগরের লঘুচাপ সুস্পষ্ট, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি: সংগৃহীত
ফাইল ছবি: সংগৃহীত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৭ বা ২৮ অক্টোবরের দিকে সৃষ্টি হতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, এদিন সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি শনিবারের মধ্যেই নিম্নচাপে এবং পরবর্তী এক-দুই দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আবহাওয়ার পরিস্থিতি ও মডেল বিশ্লেষণ অনুযায়ী ২৭ বা ২৮ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে।”

তার ধারণা, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে বাংলাদেশে সরাসরি বড় ধরনের ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে এটি স্থলভাগের দিকে এগিয়ে উত্তরমুখী হলে দেশের পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে।

নাজমুল হক আরও বলেন, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হতে পারে। এদিকে শুষ্ক মৌসুমে ঘূর্ণিঝড়ের আগাম বৃষ্টিতে আলু, পেঁয়াজসহ শীতকালীন ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শনিবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ ও চট্টগ্রামের আমবাগানে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad