ইনানীর রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে আছেন ঢাবি-জবি শিক্ষার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত দুই শিক্ষার্থী হলেন ঢাবির চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিস তেহামী এবং জবির রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং জানান, নাফিসসহ তার পরিবারের ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।

একই পরিবারের নিহত অন্য সদস্যরা হলেন ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

অগ্নিকাণ্ডে আহত ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিসা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

হতাহত ব্যক্তিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল আহাদ সরকারের আত্মীয়। ফেসবুকে দেওয়া এক পোস্টে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন আহাদ।

পরিবারের সূত্রে জানা গেছে, শনিবার সকালে তাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু রিসোর্টে আগুন লাগার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় তাঁরা বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার সমকালকে বলেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ পাওয়া গেছে। তাদের মধ্যে একই পরিবারের ছয়জন থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে লায়লা জাহান নাবিলার মৃত্যুতে শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার প্রকাশিত শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement