শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম
শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার পাশাপাশি প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য আজ বুধবার (১৫ জুলাই) রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা। এর মধ্যে মন্ত্রী পদত্যাগ না করলে তারা সকালে ফের রাজপথ অবরোধ করবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করেছিল। ৭টার দিকে শাহবাগ ছাড়লে প্রায় এক ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সাংবাদিকদের বলে, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে শিক্ষার্থীরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে সেখান থেকে সরে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement