জনগণ বা সরকারের পক্ষে নয়, তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে: নাহরিন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন নাহরিন ইসলাম খান। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন নাহরিন ইসলাম খান। ছবি: সংগৃহীত

তথ্য কমিশন কোনো পক্ষের হয়ে কাজ করবে না, বরং নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, জনগণ বা সরকার— কারও পক্ষেই থাকবে না কমিশন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহরিন ইসলাম খান। দুই বছরের বেশি সময় পর সচল হওয়া প্রতিষ্ঠানটিকে স্বাধীন ও শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি।

নাহরিন ইসলাম খানের ঘোষিত পরিকল্পনায় রয়েছে ১৬ নভেম্বর থেকে জমে থাকা অভিযোগের শুনানি শুরু, বিশ্ববিদ্যালয় ও স্কুলে তথ্য অধিকার মেলার আয়োজন, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রশিক্ষণ এবং সরকারি ও বিদেশি অনুদানের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা।

কমিশনের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে প্রধান তথ্য কমিশনার বলেন, “আমাকে এখানে আসার পরে কয়েকটি প্রোগ্রামে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে, ‘তথ্য কমিশনার, আপনাকে বলে যেতে হবে আপনি কি জনগণের পক্ষে থাকবেন, নাকি আপনি সরকারের পক্ষে থাকবেন?”

তিনি বলেন, “আমার উত্তরটি খুবই দ্ব্যর্থহীনভাবে আবারও আপনাদেরকে বলতে চাই— তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সরকারের পক্ষে থাকবে না; তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে।”

তথ্য অধিকার আইনকে সাধারণ মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেকটি আইন আসলে সরকার করে বা একটি রাষ্ট্র করে মানুষের ওপর প্রয়োগ করার জন্য। এটিই একমাত্র আইন, যে আইনটি একজন সাধারণ মানুষ সরকারের ওপর প্রয়োগ করতে পারে, জবাবদিহিতা তৈরি করতে পারে।”

গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে তথ্য কমিশনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে নাহরিন ইসলাম খান বলেন, “আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছি বা এই যে ১৭ বছর এত কিছু বলে গণতান্ত্রিক একটি সরকার ক্ষমতায় এসেছে, আমি মনে করি গণতন্ত্রের চর্চা চলতে গেলে তথ্য কমিশনকে অবশ্যই শক্তিশালী একটি জায়গায় যেতে হবে।”

কমিশনের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ৭৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র ২২ জন। ১৫ তলা ভবনে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটির এই জনবল সংকটের মধ্যেই ১০০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ও স্কুলে তথ্য অধিকার মেলা

তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষের ধারণা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার মেলার আদলে ‘আরটিআই মেলা’ আয়োজন করা হবে। নভেম্বরের শেষ দিকে ঢাকার তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মেলায় শিক্ষার্থীদের জানানো হবে, কীভাবে তথ্য অধিকার আইন ব্যবহার করে আইনসম্মত উপায়ে নিজেদের দাবি-দাওয়া আদায়ের উদ্যোগ নেওয়া যায়। শিক্ষার্থীদের মধ্যে মব জাস্টিসের প্রবণতা ঠেকিয়ে আইনি প্রক্রিয়ায় অধিকার আদায়ের চর্চা গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।

এ ছাড়া সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রতিবাদের নামে রাজপথ বন্ধ করা কিংবা মব তৈরির প্রবণতা রোধে সচেতনতা বাড়ানোর কথাও জানান প্রধান তথ্য কমিশনার। তথ্য অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় আগামী সপ্তাহ থেকে স্কুলগুলোতেও মেলা আয়োজন করা হবে।

জমে থাকা ৯১৭ অভিযোগের শুনানি

তথ্য কমিশনে গত দুই বছরে জমা পড়া ৯১৭টি অভিযোগের শুনানি শুরু হবে আগামী ১৬ নভেম্বর। নিজস্ব এজলাসে এসব অভিযোগের শুনানি নেওয়া হবে বলে জানান নাহরিন ইসলাম খান।

তিনি আরও বলেন, গত ১৮ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর কয়েক দিনের মধ্যেই কমিশনে নতুন করে দুই শতাধিক অভিযোগ জমা পড়েছে। মানুষের মধ্যে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ার কারণেই অভিযোগের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।

অনুদানের অর্থ ব্যয়ে স্বচ্ছতা যাচাই

সরকারি ও বিদেশি অনুদানের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়ে নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান এ তথ্য প্রকাশ করবে না, তাদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে নাহরিন ইসলাম খান বলেন, “একটি টাকা যদি খরচ হয়, সেই টাকাটি আমার এবং আপনার। আমার এবং আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, সেটি জানার অধিকার আমাদের আছে।”

বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা তৈরির বিষয়েও কাজ করছে কমিশন। প্রধান তথ্য কমিশনার জানান, এখন পর্যন্ত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের নীতিমালা তৈরি করেছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়ে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।

১০০ দিনের কর্মসূচি শেষে আগামী বছর জেলা পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় খোলার চেষ্টা করা হবে। অভিযোগ জমা দেওয়ার পর আবেদনকারীর কাছে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পাঠানোর ব্যবস্থাও চালু করতে ডিজিটালাইজেশন ও অটোমেশনের কাজ শুরু হবে।

তথ্য মন্ত্রণালয়ের অধীন নয় কমিশন

তথ্য মন্ত্রণালয়ে গিয়ে কমিশনারদের যোগদান নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন একটি স্বাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। অর্থায়নের বিষয়টি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কমিশন তথ্য মন্ত্রণালয়ের অধীন নয়।

নিয়োগপত্রে উল্লেখ থাকায় তারা মন্ত্রণালয়ে গিয়ে যোগদান করেছেন জানিয়ে তিনি বলেন, এতে রাষ্ট্রীয় কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি কিংবা কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়নি। দায়িত্ব নেওয়ার পর তথ্য মন্ত্রণালয়সহ কেউই তাদের কাজে হস্তক্ষেপ করেনি।

তথ্যপ্রবাহে বাধা এলে সহযোগিতা দেবে কমিশন

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি। তাই গণমাধ্যমকে কমিশনের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে দেখতে চায় প্রতিষ্ঠানটি।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের পাশাপাশি অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও তথ্য বিকৃতির ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হলে তা কমিশনকে জানিয়ে সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তিনি।

তথ্য অধিকার আইনের আওতা বেসরকারি খাত পর্যন্ত বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন এস এ এম মাহফুজুর রহমান। তার মতে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। এসব প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা নেয় এবং জনগণের করের অর্থের সঙ্গেও সম্পৃক্ত। তাই আইনের সীমাবদ্ধতা পর্যালোচনা করে একে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হবে।

অন্য তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গণতন্ত্র বিকাশের প্রধান পূর্বশর্ত বাকস্বাধীনতা নিশ্চিত করা। তথ্য জানার অধিকার বাকস্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর সম্প্রতি সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ দেয়। একই সঙ্গে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad