সরকারি পরিচালন ব্যয় কমাতে কঠোর মিতব্যয়িতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি গাড়িতে মাসিক বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম ব্যবহার করবেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিসভা বৈঠক নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু জ্বালানি নয়, সরকারি খাতে গাড়ি, জলযান ও কম্পিউটার ক্রয়ও আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কার্যালয়ে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ এবং ভবন শোভাবর্ধন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়েছে।
এমনকি ভূমি অধিগ্রহণ কার্যক্রমও আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মূলত বৈশ্বিক পরিস্থিতি ও দেশের অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যেই এই কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করেছে বর্তমান মন্ত্রিসভা।


















