কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৩: ৩৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলকাতার নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, মির্জ়া গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’ তার নামেই ইজারা (লিজ) নেওয়া ছিল। বুধবার রাতেই লালবাজারের গোয়েন্দা বিভাগ তাকে আটক করে। তবে হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্রের এখনও কোনো সন্ধান মেলেনি।

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি, আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হোটেলের কর্মী। অগ্নিকাণ্ড ঘটা ভবনটির কাছেই অবস্থিত এই ‘যাপন’ হোটেলটিও বীরেশ্বর মিত্রেরই।

অন্য দিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ও সুরক্ষাবিধি না মানার অভিযোগে মির্জ়া গালিব স্ট্রিটের ৯টি হোটেল এবং ৪টি রেস্তরাঁকে শোকজ করেছে দমকল দপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জ়া গালিব স্ট্রিটের ওই পাঁচতলা ভবনে একাধিক হোটেল ও অতিথিনিবাস চলছিল। প্রতিটিতেই ছিল ছোট ছোট ঘুপচি ঘর। ভবনের তিনতলায় মাত্র ১১০০ বর্গফুট জায়গা জুড়ে চলছিল হোটেল ‘শিখা ইন’। তদন্তে এই হোটেলটি ঘিরে বিস্তর অনিয়ম ও গলদের অভিযোগ সামনে এসেছে। একটি সাধারণ দুই কামরার ফ্ল্যাটের সমান জায়গায় বেআইনিভাবে ছোট ছোট পাঁচটি খুপরি ঘর তৈরি করা হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে ওই হোটেলে আগুন লাগে। এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫ জন বাংলাদেশি নাগরিক।

দমকলের সদর দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় সুরক্ষাব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে বুধবারই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে লালবাজার। সিট গঠন করার পরেই রাতে ‘শিখা ইন’-এর লিজহোল্ডার আবুকে আটক করা হয়।

অভিযোগ উঠেছে, ‘শিখা ইন’সহ ওই ভবনে চলা হোটেলগুলো কোনো সুরক্ষাবিধি না মেনেই গড়ে উঠেছিল। আবাসিক ভবনকে বেআইনিভাবে বাণিজ্যিক ভবনে পরিণত করা হয়েছিল বলেও জানা গেছে। এ বিষয়ে পূর্বতন সরকার ও তৎকালীন পুর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘অবহেলাকেই’ দায়ী করেছেন। তার অভিযোগ, তৎকালীন সরকার ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলো এড়িয়ে গিয়েছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement