ছায়ানটে হামলার বিচার চেয়ে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গানে গানে মুখর হয়ে উঠেছে ছায়ানট প্রাঙ্গণ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির শংকর এলাকায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা দলবদ্ধভাবে এই অভিনব প্রতিবাদে শামিল হন। হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে তারা সংস্কৃতির ওপর এই নগ্ন হামলার বিচার এবং ‘মব জাস্টিস’ বন্ধের দাবি জানান।

বিকাল ৪টার দিকে ধানমন্ডির শংকর এলাকায় ছায়ানটের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা দলবদ্ধভাবে দেশাত্মবোধক ও প্রতিবাদী গান পরিবেশন করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ্য করে সহিংসতা একটি ভয়ংকর বার্তা বহন করে, যা রুখে দিতে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ছায়ানট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি হামলার ঘটনায় ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন এবং দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

প্রতিবাদকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement