ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯: ২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও ডিবি পুলিশ মোতায়েন করে জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনসহ দেশের ৬টি জেলা ও মহানগরে আজ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। পাশেই অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সেখানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা যেন কোনো কর্মসূচি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আজ কাউকে ৩২ নম্বর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা অবস্থান করছি।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement