গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আট বিভাগ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। ছবি: পিএমও
গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আট বিভাগ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। ছবি: পিএমও

গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন ও বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৩ হাজার টাকা বেড়ে ১১ হাজার টাকা এবং সদস্যদের বেতন বেড়ে সাড়ে ১০ হাজার টাকা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সমাবেশে তারেক রহমান জানান, গ্রাম পুলিশ সদস্যদের এককালীন আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এখন থেকে বাহিনীর সদস্যরা প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ফোন ভাতা পাবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নিয়েছেন। তিনি বলেন, “আট বিভাগ থেকে শ্রেষ্ঠ আট জন গ্রাম পুলিশদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।”

মহাসমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad