শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে ‘আনুষ্ঠানিক’ প্রত্যর্পণ প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে
সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিদেশে পলাতক অন্যান্য ব্যক্তির ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যক্রম জোরদার করেছে।

সালাহউদ্দিন আহমদ জানান, এ উদ্যোগের অংশ হিসেবে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে গত ৬ মে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই ধরনের আরেক মামলার আসামি মোবারক মণ্ডলকে ২৭ মে কাতার থেকে দেশে ফেরত আনা হয়।

পলাতকদের ফেরানোর প্রক্রিয়ায় আরও কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগের কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে আবুধাবির ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে বাংলাদেশকে জানানো হয়।

এই তথ্য পাওয়ার পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠায় বাংলাদেশ। তবে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতির ভিত্তিতে সহযোগিতার নিশ্চয়তা চেয়েছে দেশটি।

মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র গত ৪ আগস্ট কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া এখনো চলমান।

মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত আরেক পলাতক মোল্লা নজরুল ইসলামকেও সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ১৬ মার্চ কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের পাশাপাশি পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement