চাকরির নিয়োগপত্র পেলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে মোট ৭৪ জনের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র হাতে পেয়ে তাদের অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবে।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


















