আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মে ২০২৬, ১৫: ০৩
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত তিন সদস্যের এ কমিটিকে আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি জানান, ভোরের দিকে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ১১ জন মায়ের মধ্যে ছয়জনের নবজাতক মারা যায়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। অন্য পাঁচ নবজাতককে এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওয়ার্ডের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিকল হওয়া বা ভেন্টিলেশন ব্যবস্থার ত্রুটির কারণে পরিস্থিতির অবনতি ঘটে থাকতে পারে।

তিনি বলেন, এসি বন্ধ হয়ে গেলে সেখানে বাতাস চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা ছিল না।

তিনি আরও জানান, তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন উপপরিচালক এবং অধিদপ্তরের আরেক কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন।

কমিটি নবজাতকদের চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কি না, ওয়ার্ডের পরিবেশ যথাযথ ছিল কি না এবং এসি বা অন্য কোনো কারিগরি ত্রুটি এ ঘটনার পেছনে দায়ী কি না—এসব বিষয় খতিয়ে দেখবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, তদন্তে সেবায় অবহেলা, ব্যবস্থাপনায় ত্রুটি বা অবকাঠামোগত সমস্যার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি