ঘরের চালে সৌরবিদ্যুৎ করেন, সব সরকারের ওপর চাপাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
ঘরের চালে সৌরবিদ্যুৎ করেন, সব সরকারের ওপর চাপাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

জনগণকে নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। আপনারা বাড়ির ছাদ বা খালি জায়গায় ছোট পরিসরে হলেও সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিন। সব সরকারের ওপর চাপাবেন না। সরকার বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পও হাতে নিয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং এই উৎপাদন নিরবচ্ছিন্ন থাকবে।

নরসিংদী জেলার উন্নয়ন নিয়েও সরকারের বড় পরিকল্পনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জেলার জন্য কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মনোহরদী ও বেলাবো এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি আরও জানান, আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব এবং বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement