সাংবাদিক পরিচয় নির্ধারণে ‘যথাযথ কর্তৃপক্ষ’ চান তথ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

কে প্রকৃত সাংবাদিক আর কে নন, তা নির্ধারণে একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।

তার ভাষায়, সরকার রাজনৈতিক দল হিসেবে নয়, জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করে। তাই সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের সংকীর্ণতা বা পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম এমন একটি ক্ষেত্র যেখানে ভিন্নমত, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নানা চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা জরুরি। এ কারণে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করতে পারে—এমন সিদ্ধান্তই গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অত্যন্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি মন্ত্রণালয়। এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement