লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার করা জরুরি: ইসি সানাউল্লাহ

লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।’
তিনি বলেন, ‘অস্ত্র-গুলি উদ্ধার করা জরুরি। হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনি আস্থা ফিরবে।’
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে রোহিঙ্গাদের দিয়ে অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে। এ ছাড়া নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়ানো হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানাই।
















