এবার ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
১০টি উড়োজাহাজ কিনতে বুধবার এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ। ছবি: সংগৃহীত
১০টি উড়োজাহাজ কিনতে বুধবার এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এবার ১০টি উড়োজাহাজ কিনতে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। সব মিলিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর বহরে মোট ৩৫টি উড়োজাহাজ যুক্ত হওয়ার জন্য বোয়িং ও এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই হয়। এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এয়ারবাসের কাছ থেকে চারটি বড় আকৃতির এ-৩৫০-৯০০ মডেলের এবং ছয়টি ছোট আকৃতির এ-৩২১ নিও মডেলের উড়োজাহাজ কিনবে বিমান। এয়ারবাস বলছে, এ-৩৫০-৯০০ মডেলের উড়োজাহাজ বিজনেস ক্লাস, ইকোনমি ফার্স্ট ক্লাস ও ইকোনমি ক্লাস মিলিয়ে ৩৩২ থেকে ৩৫২ জন যাত্রী ধারণ করতে সক্ষম। শুধু ইকোনমি ক্লাস হিসাব করলে আসনসংখ্যা ৪৮০ পর্যন্ত বাড়ানো যায়।

এয়াবাস আরও জানিয়েছে, ৩৫০-৯০০ মডেলের ওয়াইড বডির উড়োজাহাজগুলো ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ী ও কম কার্বন নিঃসরণ করে। এই মডেলের উড়োজাহাজ একেবারে ১৮ হাজার কিলোমিটারের মতো উড়তে পারে।

অন্যদিকে এয়ারবাস এ ৩২১-নিও সিরিজের উড়োজাহাজগুলো ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসসহ দুই শ্রেণিতে ১৮০ থেকে ২২০ জন যাত্রী বহনে সক্ষম। শুধু ইকোনমি ক্লাস হিসাব করলে ২৪৪টি পর্যন্ত আসন বসানো যেতে পারে এই উড়োজাহাজে। এ মডেলের উড়োজাহাজ একেবারে সাড়ে ৭ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে।

বিমান বলছে, চুক্তির আওতায় থাকা চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও পরিচালনা করা হবে মাঝারি দূরত্বের রুটে। এতে দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামের চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ বাংলাদেশ সরকার, বিমান ও এয়ারবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, স্পেনের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement