আসিফ আকবরের গাড়িতে গুলি, শনাক্ত করা যায়নি হামলাকারীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৫: ৪৪
আসিফ আকবরের গাড়িতে গুলি, শনাক্ত করা যায়নি হামলাকারীদের

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরা নিয়ে জটিলতায় পড়েছে পুলিশ। যে বিশাল সেন্টারের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল, সেখানে অধিকাংশ ক্যামেরা অচল থাকায় আশপাশের ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তখন আসিফ আকবর ভবনটির তিনতলায় নিজের আইপি স্টুডিওতে ছিলেন। গাড়িতে তিনি বা তাঁর চালক কেউই ছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আসিফ আকবর প্রায়ই রাতে মগবাজারের স্টুডিওতে কাজ করতে আসতেন। তার নিয়মিত যাতায়াত ও অবস্থান সম্পর্কে ধারণা থাকার কারণেই হামলাটি পরিকল্পিতভাবে চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সিএনজিচালিত অটোরিকশায় করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। ওই অটোরিকশায় দুজন ছিলেন বলে সূত্রের দাবি। তারা মগবাজারের দিক থেকে এসে বিশাল সেন্টারের সামনে থামেন। এরপর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে মালিবাগের দিকে চলে যান। সূত্রটি দুটি গুলি ছোড়ার কথা জানিয়েছে।

তবে পুলিশ এখনো হামলার কারণ কিংবা এতে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। আসিফ আকবরের ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা-ও স্পষ্ট নয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ভোরে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। হামলার পেছনের কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার দুপুরে সরেজমিনে বিশাল সেন্টারের সামনে পোশাকধারী ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তদন্ত করতে দেখা যায়। ভবনটিতে সিসিটিভি ক্যামেরা থাকলেও অধিকাংশই নষ্ট বলে জানা গেছে। কয়েকটি দোকানে নিজস্ব ক্যামেরা থাকলেও পার্কিং এলাকায় ক্যামেরা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আসিফ আকবরের আইপি স্টুডিওটি তালাবদ্ধ ছিল। পাশের কক্ষে অফিস সহকারীসহ স্টুডিওতে কাজ করা কয়েকজন অবস্থান করলেও তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়ার খবর পেয়ে স্টুডিওতে যান তিনি। ওই ফুটেজে ভোর ৪টা ৪০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় দেখা হলেও হামলার কোনো দৃশ্য পাওয়া যায়নি। এর আগে পাওয়া আরেকটি ফুটেজে সন্দেহভাজন হামলাকারীর শুধু পা দেখা গেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad