প্রথম নারী হিসেবে প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার।
শনিবার (১৭ অক্টোবর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক নাহরিন ইসলাম খান দুই দশকেরও বেশি সময় ধরে গবেষণা, শিক্ষকতা ও নীতি প্রণয়নের কাজে যুক্ত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমাও করেছেন তিনি।
বর্তমানে মাধ্যমিক শিক্ষাক্রমের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উন্নয়ন ও সম্পাদনার কাজে যুক্ত রয়েছেন নাহরিন ইসলাম খান। পাশাপাশি তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘হিট’ প্রকল্পের ন্যাশনাল এক্সপার্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌন হয়রানি ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধ কমিটির আহ্বায়কও তিনি।
আন্তর্জাতিক পর্যায়েও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন এই অধ্যাপক। কানাডাভিত্তিক গবেষণা সংস্থা ‘কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট’ (সিআরআরআইসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া বৈশ্বিক পরিবেশগত ন্যায়বিচারবিষয়ক প্রকল্প ‘রুলস অব ল অন আর্থ’-এর উপদেষ্টা তিনি। বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রে অনুষ্ঠান প্রযোজনা, উপস্থাপনা ও লেখালেখির অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
২০০৯ সালে তথ্য অধিকার আইনের অধীনে তথ্য কমিশন প্রতিষ্ঠিত হয়। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং সরকারি ও অন্যান্য কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো কমিশনের অন্যতম উদ্দেশ্য।














-b5b2b5.jpg)

