হাসপাতালে ধূমপানরত চিকিৎসককে দেখে ফেললেন প্রধানমন্ত্রী, সাময়িক বরখাস্তের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে ধূমপানরত চিকিৎসককে দেখে ফেললেন প্রধানমন্ত্রী, সাময়িক বরখাস্তের নির্দেশ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে কক্ষে বসে ধূমপান করতে দেখায় এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘটনা দেখতে পান প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। কক্ষটিও অপরিচ্ছন্ন ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ জানান প্রধানমন্ত্রী।

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সময় হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement