সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হচ্ছে বৃষ্টি। সোমবার (২৬ মে) সকাল থেকে তীব্র খরতাপের পর সেই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ঢাকা নগরবাসীতে। ছবি: ফোকাস বাংলা
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হচ্ছে বৃষ্টি। সোমবার (২৬ মে) সকাল থেকে তীব্র খরতাপের পর সেই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ঢাকা নগরবাসীতে। ছবি: ফোকাস বাংলা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও বহাল রয়েছে। চারটি সমুদ্রবন্দরেই ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও অব্যাহত রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস ও সামুদ্রিক সতর্কবার্তায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮০ মিলিমিটার।

এদিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম-পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এর ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement