রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে কমিশন।
রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠক প্রয়োজন। এজন্য শিগগিরই স্পিকারের কাছে সময় চেয়ে বার্তা পাঠানো হবে। সেই বৈঠকের পর তফসিল ঘোষণাসহ পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।
এর আগে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন ও প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পরে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে বৈঠক করবে কমিশন।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে অনুযায়ী, সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ কারণে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এসব বিষয়েই স্পিকারের সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

















