২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেস যাবে কক্সবাজার পর্যন্ত

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। এবার সংস্থাটি জানাল, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটির গন্তব্য হবে কক্সবাজার পর্যন্ত। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে চলাচল শুরু করবে ট্রেনটি।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ সিদ্ধান্তের কথা রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে জানানো হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে৷ এখন চলাচল করে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। ট্রেন দুটি কেবল মাঝে চট্টগ্রামে যাত্রাবিরতি করে। মহানগর এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে আরও কয়েকটি স্টেশনে বিরতি দেয়। ট্রেনটি এই রুটে যুক্ত হওয়ায় এবার ঢাকা-চট্টগ্রামের বাইরেও এসব স্টেশনের যাত্রীরা কক্সবাজার যেতে পারবেন।
মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ২টা ৪০ মিনিটে। সেখানে বিরতির পর রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গন্তব্যে পৌঁছাবে সকাল ৬টায়।
ফিরতি যাত্রায় ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৯টায়। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ১২টা ১০ মিনিটে। যাত্রা বিরতি শেষে আবার ছাড়বে ১২টা ৩০ মিনিটে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে উঠে কক্সবাজারে যেতে পারবেন। ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর ১১টি স্টেশনে যাত্রাবিরতি দেবে।
স্টেশনগুলো হলো— ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী। ট্রেনটির আগের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে যাত্রাবিরতি করত, যা কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু হলে বাতিল করা হবে।
মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচে আসন সংখ্যা থাকে সর্বোচ্চ ৭৩৬টি পর্যন্ত। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এই রুটে চলে। সাপ্তাহিক বন্ধ রোববার।

















