ইউপি নির্বাচনসহ স্থানীয় ভোটের সময়সূচি নির্ধারণে ইসির বৈঠক আগামীকাল

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণে কমিশন বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে।
রোববার ইসির উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করবেন। এতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইসি সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণ।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সভায় ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড ছাপানো ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ এবং আটকে থাকা কার্ড ছাপানোর কাজ দ্রুত শেষ করার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ও সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
















