গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ‘ইন্ধন’ দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমত। ছবি: ভিডিও থেকে
রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমত। ছবি: ভিডিও থেকে

দেশে তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে ‘রাজনৈতিক ইন্ধন’ দেখতে পাচ্ছেন বলে জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক। এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন এ খাতের বাইরের ‘ইন্ধনে’র কথা। বলেছেন, দেশের বাইরে থেকে শ্রমিকদের আন্দোলনে ঠেলে দেওয়া হচ্ছে।

পোশাক শ্রমিকদের বিক্ষোভে মুখোশধারীদের অনুপ্রবেশ ও উসকানির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ পোশাক শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে। এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি, রপ্তানি বাণিজ্য ব্যাহত ও পোশাকশিল্পের উৎপাদন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তৈরি পোশাক খাতে শ্রমিকদের মধ্যে চলমান অস্থিরতা ইস্যুতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়ে এ বৈঠক করেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সরকার এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে মোকাবিলা করবে। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করবে।’

সবার জন্য পোশাক খাত নিয়ে সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই— আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, দেশের উন্নয়ন-অগ্রগতি চাই। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জনক বাংলাদেশের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার এই অবদানকে আমরা সবাই স্বীকার করি এবং আমরা চাই গার্মেন্ট শিল্পের আরও উন্নতি হোক এবং আমাদের রপ্তানি খাতকে সমৃদ্ধ করুক।’

চলমান আন্দোলনে ‘প্রকৃত শ্রমিকরা’ যুক্ত নন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো শ্রমিক বা সত্যিকারের শ্রমিক সংগঠন জড়িত নয়। আমরা বিশ্বাস করি, এসব সহিংস আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক ভাই জড়িত না। তারা আলাপ-আলোচনা করবেন। তাদের প্রতিনিধির নাম দেওয়া হয়েছে, মজুরি বোর্ড গঠিত হয়েছে। সেই মজুরি বোর্ডের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ হবে।’

শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের জীবনমান যেন উন্নত হয়, সেজন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন যেন শ্রমিকের স্বার্থটা রক্ষা করা হয়।’

পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তারা যেন সব কারখানা চালু রাখেন, উৎপাদন চালু রাখেন। রপ্তানি সংকট তৈরি হয়— কোনোভাবেই যেন এমন কোনো কাজ না করেন। শ্রমিকদের সঙ্গে মিলেমিশে আলোচনা করে মালিকরা কারখানার কার্যক্রম চালিয়ে যাবেন— এমন আহ্বানই রাখেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি, যারা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে, অস্থিরতা তৈরির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হোক। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রফতানি সমৃদ্ধি কেউ রুখে দিতে পারবে না।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad