নারী এমপিদের নিয়ে আমির হামজার ‘কুৎসিত বক্তব্যে’র বিচার চাইলেন রুমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১: ৫৫
ওয়াজ মাহফিলে এমপি আমির হামজা (বাঁয়ে) এবং বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রুমিন ফারহানা (ডানে)। ছবি: সংগৃহীত
ওয়াজ মাহফিলে এমপি আমির হামজা (বাঁয়ে) এবং বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রুমিন ফারহানা (ডানে)। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা তার নিজের পাশাপাশি জাতীয় সংসদের আরও দুজন নারী সহকর্মীকে নিয়ে অপর সংসদ সদস্য আমির হামজার (কুষ্টিয়া-৩) ‘কুৎসিত’ ভাষায় দেওয়া বক্তব্যের জন্য স্পিকারের কাছে বিচার চেয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে এমপি আমির হামজার বিচার প্রার্থনা করেন।

আমির হামজাকে ইঙ্গিত করে স্পিকারের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে— এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সদস্য যে কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টিকে দেখবেন।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনি রুলস অব প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।’

প্রসঙ্গত, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি আমির হামজা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানা, নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল এবং ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

বক্তব্যে জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে আমির হামজা বলেন, ‘আমার ডানে-বামে এমন এমন ভুঁড়িওয়ালা লোক আমি পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা, ভেতরে যেয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয়, ভুঁড়ি চিড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ-কালভার্ট এগুলো বের হবে। মহিলারাও ওদের দেখলে লজ্জা পাবে।’

আমির হামজার এমন আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। তবে তিনি কবে, কোথায় এই বক্তব্য দিয়েছেন, তা জানা যায়নি।

ভাইরাল ওই বক্তব্যে আমির হামজা আরও বলেন, ‘রুমিন ফারহানা আপা আছে, এরপরে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন; এটার পরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে। আমার মাঝেমাঝে চিন্তা হয়, আল্লাহ, আমার ডানে-বামে যে অবস্থা; ম্যাডামগুলো যদি এদের পেটের দিকে তাকায়— ভাববে, আল্লাহ, ছেলেমেয়ে হয় আমাদের, আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। কী ভুঁড়ি! উঁকুন মারা যাবে ভুঁড়ির ওপরে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement