প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে সড়ক অবরোধ
-9b3b1c.jpg)
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাতমসজিদ সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়কে এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ দেখা যায়।

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সিলেটের এক চাকরিপ্রার্থী বলেন, পরীক্ষা শুরুর মিনিটখানেক আগে তা বাতিল করা হয়েছে। তারা শুনেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আরেক পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্র দেওয়ার সময় শিক্ষকেরা তাদের জানান, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। আগের রাতেও এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটা তো দেয়নি, যতটুকু দিয়েছে মিল পাওয়া গেছে।’
অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বেলা সোয়া একটার দিকে বলেন, ‘পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’
আজ বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর পরীক্ষা স্থগিত করা হলো।














