ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
আজ রোববার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন মৎস্যজীবী এবং বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার নৌকা গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে অবস্থানরত বা আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সবসময় প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

















