সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯: ০৮
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে আরেক ধাপ এগোল সরকার। এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে উপস্থিত একজন সচিব এ তথ্য নিশ্চিত করেন।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

কমিটি দুই ধাপে বেতন বৃদ্ধি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছিল।

সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে নেওয়া কার্যক্রম নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি ই-বুক প্রকাশ করে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরা হয়।

এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে।

নবম জাতীয় বেতন কমিশন গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement