ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

বাংলাদেশে ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা এবং ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। একই সঙ্গে ঢাকায় একটি অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়েও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মেটার প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি অংশ নিতে পারেননি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারী থাকায় ঢাকায় একটি ফোকাল পয়েন্ট বা প্রশাসনিক কেন্দ্র স্থাপনে মেটার বিশেষ আগ্রহ রয়েছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি কীভাবে এবং কখন চালু করা যায়, তা মেটা পর্যালোচনা করে দেখবে।
বৈঠকে বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইন ও সামগ্রিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের সামাজিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের বাস্তবতায় ডিজিটাল হয়রানি মোকাবিলায় মেটা কীভাবে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসারে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার বিষয়ে মেটার আগ্রহের কথা জানান শামা ওবায়েদ। মেটার পক্ষ থেকে বাংলাদেশের প্রযুক্তি খাত ও ই-কমার্স প্রসারে সরকারের নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপেরও প্রশংসা করা হয়েছে বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘মেটা আমাদের উদ্যোগগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ টিমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’











-2e9586-256x144.webp)





