প্রতি কিলোমিটারে লঞ্চভাড়া বাড়ল ২০ পয়সা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতি কিলোমিটারে লঞ্চভাড়া বাড়ল ২০ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চমালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, জনসাধারণের ওপর চাপ কম রাখতে ভাড়া বৃদ্ধির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘ভাড়া বাড়ানো কারও জন্যই কাম্য নয়। তবে জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব কোনো না কোনোভাবে পরিবহন খাতে পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে যাত্রীদের ওপর কম চাপ পড়ে। লঞ্চমালিকদের বিভিন্ন দাবি থাকলেও আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ১০০ কিলোমিটারে যে হারে ভাড়া বাড়ানো হয়েছে, পরবর্তী ১০০ কিলোমিটারেও নির্ধারিত হারে ভাড়া সমন্বয় হবে। নৌপথে সর্বনিম্ন দূরত্ব ১০ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হয়। তাই সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করা হয়েছে।’

এদিকে রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। বরং ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। তাঁর ভাষায়, ‘গতবার ডিজেলের দাম বাড়ার সময়ও রেলের ভাড়া বাড়ানো হয়নি। প্রায় ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবার জ্বালানির দাম আরও বাড়ায় রেলের ওপর চাপ তৈরি হয়েছে। তারপরও আমরা এখনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিইনি। রেলের সংশ্লিষ্টদের বলেছি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে।’

সড়কপথে বাসভাড়া বাড়ানোর পর নির্ধারিত ভাড়া আদায় হচ্ছে কি না, সরকার তা নজরদারিতে রেখেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাসমালিকেরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেবেন না বলে অঙ্গীকার করেছেন। এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, তাতে নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে।’

তবে রুটভিত্তিক ভাড়ার চার্ট বাসে প্রদর্শন না করা বা অতিরিক্ত ভাড়া নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ার কোনো সুযোগ নেই। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবহন খাতের ভাড়া নির্ধারণে যাত্রী ও পরিবহন মালিক উভয়ের স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্ব দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘আমরা যেন কেউ কাউকে প্রতিপক্ষ না মনে করি। ন্যায্যতার জায়গা থেকে সবার অধিকার বিবেচনা করলে সমস্যার সমাধান করা সম্ভব।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement