চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন এই পরিকল্পনার আওতায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পাঁচ ধরনের নির্বাচনের মধ্যে কোনটি আগে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত দুই দশকে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। এমন এক সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, যখন অর্থনীতি নানা সংকটে ছিল। এরপরও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার অবকাঠামো ও পরিবেশের সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে।
ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় দীর্ঘদিনের ময়লা-আবর্জনা সরিয়ে গাছ লাগানোর কাজ করা হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও আবর্জনা পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভা হিসেবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















