দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩২

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন দুপুর ২টা ২২ মিনিটে শেরেবাংলা নগর থানার পুলিশ একটি মাইক্রোবাসে করে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা খানমকে আদালতে নিয়ে আসে। পরে তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির সময় তাদের এজলাসে তোলা হয়।

মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ গতকাল রোববার রাতে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা খানম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

এর আগেই গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছিল পুলিশ। মামলা হওয়ার পর মাকসুদা খানমকে গ্রেপ্তার দেখানো হয়। আর গাজী নজরুলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তিনি সংসদ সদস্য হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ও মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে পাঁচটি কারণ দেখানো হয়। এগুলো হলো—

  • মরিয়ম গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় আসামিরা বাসায় ছিল। আত্মহত্যায় তাদের প্ররোচনা আছে কি না;
  • তারা ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উস্কানি, মানসিক চাপ, ভয়-ভীতিপ্রদর্শন বা অন্য কোনোভাবে আত্মহত্যায় ধাবিত করেছেন কি না;
  • পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং তার অবস্থান শনাক্তসহ গ্রেপ্তার;
  • অচেনা আসামি জড়িত আছে কি না তা শনাক্তসহ গ্রেপ্তার;
  • মামলার মূল রহস্য উদঘাটন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকসুদা খানমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে নিহতের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়। সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকসুদার সঙ্গে থাকতেন মরিয়ম।

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে মরিয়ম আত্মহত্যা করে থাকতে পারেন বলে এজাহারে বলা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, মৃত্যুর ঘটনা ৩টা থেকে সাড়ে ৩টার দিকে হতে পারে।

পুলিশ জানিয়েছে, মরিয়ম যে কক্ষে থাকতেন, সেখান থেকে তার লেখা কিছু চিরকুট উদ্ধার করা হয়েছে। তার কোনো ফোন ছিল না। তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হতো না।

‘ব্যক্তিগত মুহূর্তে’র একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল। ওই ভিডিও প্রকাশের পর ‘নৈতিক স্খলনে’র প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলাম। তবে এখন পর্যন্ত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি তিনি। সবশেষ সংসদ অধিবেশনেও তিনি যোগ দেননি।

গাজী নজরুল ইসলামের ওই ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল হওয়ার পর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর এবং শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

ওই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি ওই জামিননামা জমা দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৩ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৩ ঘণ্টা আগে

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে
Advertisement