‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে নজরুল ও মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়।

ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে নজরুল ও মাকছুদাকে আদালতে নেওয়া হয়। তাদের সাত দিনের রিমান্ডে নিতে পাঁচটি কারণ উল্লেখ করে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার।

বেলা সোয়া ৩টার দিকে রিমান্ড শুনানি শুরু হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

আদালত এজলাস ত্যাগ করার পর কাঠগড়ায় থাকা নজরুল ইসলামের কাছে সাংবাদিকরা অভিযোগের বিষয়ে জানতে চান। তখন তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

মরিয়ম কেন আত্মহত্যা করেছেন—এমন প্রশ্নের জবাবে নজরুল বলেন, "এ বিষয়ে আমি জানি না।"

কাঠগড়ায় নজরুল-মাকছুদা

আদালতে হাজির করার সময় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের হাতে হাতকড়া ছিল। তাদের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেটও পরানো হয়। পরে কাঠগড়ায় নেওয়ার পর সেগুলো খুলে দেওয়া হয়।

শুনানির সময় দুজন পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে মাকছুদা দুই হাতের ওপর মাথা রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে মাথা তুলে কিছুটা পেছনে সরে যান।

এ সময় নজরুল স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তার খারাপ লাগছে কি না। মাকছুদা জবাবে বলেন, ‘না’। একপর্যায়ে মাকছুদার হিজাব কিছুটা মাথার ওপর উঠে গেলে নজরুল তাকে হিজাব নিচে নামিয়ে দিতে বলেন। পরে তিনি হিজাব ঠিক করে নেন।

শুনানির পুরো সময়ে মাকছুদাকে কিছুটা উদ্বিগ্ন দেখা গেলেও নজরুলকে তুলনামূলক স্বাভাবিক অবস্থায় দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৩ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৪ ঘণ্টা আগে

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

৪ ঘণ্টা আগে
Advertisement