ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিচার শুরু

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, আগামী ২৫ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসেন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামের আরও দুজন আহত হন।
হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার ৩৪ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ২০ জন পলাতক। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। জামিনে আছেন ১০ জন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু।










-ca1d05-256x144.webp)



