রিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৭: ০২
মঙ্গলবার দুপুরে শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর লালবাগে হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নেওয়া হয়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে শিরীন শারমিন চৌধুরীকে দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরদিকে আসামিপক্ষও রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেছিল। আদালত রিমান্ড ও জামিন দুটি আবেদনই নামঞ্জুর করেন।

শিরীন শারমিন চৌধুরীকে বিকেল ৩টা ১২ মিনিটে এজলাসে তোলা হয়। এক মিনিট পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এজলাসে ওঠেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, 'এই আসামি ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তিনি বিনা ভোটে নির্বাচিত এমপি ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারের একজন উপকারভোগী। এ মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি। এতদিন আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত ও আলামত উদ্ধারের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য তার সর্বোচ্চ দুই দিনের রিমান্ড প্রার্থনা করছি।'

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তারা বলেন, এ মামলায় ১৩০ জন আসামি যার মধ্যে শিরীন শারমিন ৩ নম্বর আসামি। মামলায় শুধু তার নামটাই রয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ঘটনার ১০ মাস পর এ মামলা করা হয়েছে।'

আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে আরও বলেন, সাংবিধানিকভাবে তিনি মাহান সংসদের স্পিকার হওয়ায় তিনি ছিলেন নিউট্রাল (নিরপেক্ষ) একজন। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলা ছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা নাই। তিনি বিগত সরকারের আমলে কোনো অন্যায় বা লুট করেছেন এই মর্মে কোনো অভিযোগ নেই। তিনি ক্লিন ইমেজের একজন ব্যক্তি। দীর্ঘদিন পলাতক অবস্থায় থাকায় তিনি এখন অসুস্থ। তাকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই।

এরপর বিচারক শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিরীন শারমিন চৌধুরীকে লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের ১৭ জুলাই মো. আশরাফুল নামের এক ভুক্তভোগী দায়ের করেন মামলাটি। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই আজিমপুর সরকারি কলোনির ভিতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়।

মামলায় মো. আশরাফুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র ছাত্র-জনতার ওপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এই মামলায় শিরীন শারমীন চৌধুরী ৩ নম্বর আসামি।

এর আগে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তবে ঠিক কোন মামলায় শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা শুরুতে জানানো হয়নি। এ দিন বেলা ১২টার দিকে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, রাজধানীর লালবাগে জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রংপুরেও শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সে বছরের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করা হয়।

এ ছাড়া রাজধানীর উত্তরা ও বনানী থানায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।

৮ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে তফসিল বুধবার

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

৮ ঘণ্টা আগে

সংসদে একাধিক বিল পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, এ আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর এবং এ আইন তার প্রতিফলন।

৯ ঘণ্টা আগে

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

এর আগে ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও বাসসে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

৯ ঘণ্টা আগে