বৈধ কাগজপত্র ছাড়া পেট্রোল পরিবহন, ২৪২০ লিটার জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়া ট্রাকে করে পরিবহনের সময় ২ হাজার ৪২০ লিটার পেট্রোল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর।
এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন— শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।
থানার পরিদর্শক রুপু বলেন, “শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ডিপো এলাকার একটি ট্যাংক লরি থেকে পেট্রোল ড্রামে ভরে মিনি পিকআপ ভ্যানে করে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গাড়িটি জব্দ এবং চালক ও কর্মচারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, ট্রাকের চালক ও কর্মচারী পেট্রোল ক্রয় ও বহনের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। পরে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার ভ্রাম্যমাণ আদালত তাদের দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুদিনের কারাদণ্ড দেন।
তবে তাৎক্ষণিক টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়। আর জব্দ করা পেট্রোল স্থানীয় তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্বান্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রুপু।
















-298494-256x144.webp)


