নেত্রকোনায় ৫ আসনে দুই ডজন মনোনয়নপ্রত্যাশী বিএনপির

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতা। (ওপরে বাঁ থেকে) লুৎফুজ্জামান বাবর, ব্যারিস্টার কায়সার কামাল, লুৎফর রহমান খান ডিপটি ও আনোয়ারুল হক। (নিচে বাঁ থেকে) ড. আরিফা জেসমিন নাহিন, ড. রফিকুল ইসলাম হিলালী, রায়হান আমিন তালুকদার রনি, আবু তাহের তালুকদার ও ব্যারিস্টার মওদুদ আহমেদ খান। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

হাওর-পাহাড় ও সমতল অঞ্চল ঘেরা নেত্রকোনা জেলার পাঁচ সংসদীয় আসনে জাতীয় নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিএনপির নেতাকর্মীসহ ভোটারদের মধ্যেও শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিচার বিশ্লেষণ। এসব আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই।

তৃণমূলের তথ্য বলছে, অন্তত দুই ডজন বিএনপি নেতা এই পাঁচ আসনে লড়াইয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা একদিকে যেমন কেন্দ্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে মনোনয়ন নিশ্চিত করতে চাইছেন, অন্যদিকে নিজ এলাকায় জনসংযোগসহ জনসম্পৃক্ত নানা কর্মসূচির মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর- কলমাকান্দা)

এই আসন থেকে অন্তত চারজন বিএনপি নেতা বিএনপি থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মানুষের মনোযোগ কেড়েছেন। তাদের মধ্যে রয়েছেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. হামিদুর রহমান রাশেদ, ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান খান ডিপটি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট মনোনয়ন প্রত্যাশী।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, কায়সার কামাল এলাকায় নিয়মিত সভা-সমাবেশ করছেন। বাকি প্রার্থীরাও বসে নেই। তারাও নিয়মিত এলাকায় যাতায়াত করছেন। চেষ্টা করছেন সামাজিক নানা অনুষ্ঠানে উপস্থিত থাকার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে।

এ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লুৎফর রহমান খান ডিপটি বলেন, নেত্রকোনা-১ আসনের কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলাকে আধুনিক ও মানসম্মত এলাকা হিসেবে গড়তে চাই। সেই সঙ্গে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে চাই।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)

এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন— জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম।

এলাকাবাসী বলছেন, বিএনপির সম্ভাব্য এসব প্রার্থী এরই মধ্যে সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ নির্বাচনমুখী নানা কর্মসূচি পালন করে আসছেন।

এ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. আরিফা জেসমিন নাহিন বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয়। সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। দলের দুঃসময়ে বিভিন্ন ধরনের সহযোগিতার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ আইনি সহয়তা দিয়েছি। আমার বাসায় হামলা হয়েছে, আমার প্রতিষ্ঠিত নেত্রকোনা ‘ল’ কলেজ দখল হয়ে গিয়েছিল। অসংখ্য মামলার শিকার হয়েছি। পরিবার ও জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির জন্য সবসময়ই নিরলসভাবে কাজ করেছি। আশাবাদী, এর মূল্যায়ন পাব।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)

নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে এ আসনেই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, সাবেক সংসদ সদস্য প্রয়াত নূরুল আমিন তালুকদারের ছেলে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক রায়হান আমিন তালুকদার রনি, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম নাজমুল হাসান, যুক্তরাজ্য বিএনপির নেতা সৈয়দ আবু বকর সিদ্দিক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সজল মাঠে রয়েছেন মনোনয়ন পেতে।

এ আসন কে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রায়হান আমিন তালুকদার রনি বলেন, দেশকে প্রগতিশীল ও উন্নয়নমুখী করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। দল থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী)

হাওরাঞ্চলে অবস্থিত এ আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ভিআইপি এলাকা হিসেবে পরিচিত এ আসনে বাবরের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও বিএনপি নেতা ফারুখ আহমেদ।

স্থানীয় গণমাধ্যম কর্মী মো. শামসুল হক বলেন, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী এই তিন উপজেলা নিয়ে নেত্রকোনা-৪ সংসদীয় আসন। লুৎফুজ্জামান বাবর এখান থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন। এবারও তিনি মনোনয়ন পেতে পারেন। তাকে এলাকাবাসী হেভিওয়েট প্রার্থী হিসেবেই বিবেচনা করে থাকে।

নেত্রকোনা-৫ (পূর্বধলা)

একটিমাত্র উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক আবু তাহের তালুকদার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, পূর্বধলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল আলম তালুকদার ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. মুহাম্মদ আলীর ছেলে ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা।

জানতে চাইলে ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেন, আমার নির্বাচনি এলাকা পূর্বধলায় নিয়মিত গণসংযোগ ও সভা-সমাবেশ করছি। জনগণ সৎ ও উন্নয়নে বিশ্বাসী নেতাকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চায়। তাদের কাছে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরছি। দল থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বনানীতে বিভাজকে উঠে দুই শ্রমিকের প্রাণ কেড়ে নিল বাস

রাজধানীর বনানীতে সড়ক বিভাজকে উঠে যাওয়া একটি বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

বৈধ কাগজপত্র ছাড়া পেট্রোল পরিবহন, ২৪২০ লিটার জব্দ

এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন— শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।

১০ ঘণ্টা আগে

পদে পল্লী বিদ্যুতের লাইনম্যান, বাস্তবে ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার!

মৌলভীবাজারের বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়ের লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। কাগজে-কলমে পদে লাইনম্যান হলেও মাঠপর্যায়ে তিনি ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

১১ ঘণ্টা আগে

বাঁশহাটী বাজারে ইজারা বন্ধ ১০ বছর, সরকারের রাজস্ব ক্ষতি অর্ধকোটি

আদালতের নিষেধাজ্ঞার কারণে এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটী বাজারের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে সরকার প্রায় ৫৭ লাখ টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জেলা প্রশাসনের এক তদন্তে উঠে এসেছে।

১২ ঘণ্টা আগে