সুবর্ণচরে পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল, অভিযানে জব্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুত করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল চর হাসান ভূইয়ার হাটে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছে ডিপোমূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।
তিনি আরও বলেন, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।












-298494-256x144.webp)





