থানার সামনে যুবলীগের মিছিল, বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় আটক ৮

গাজীপুর প্রতিনিধি
বিএনপির নেতাকর্মীদের হাতে আটক যুবলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বিএনপির নেতাকর্মীদের হাতে আটক যুবলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— মাসুদ রানা, জয়, সতেজ, মোমেন, জুনাইদ, আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তারা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তাদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টার কিছু আগে পৌর শহরে থানার সামনে কয়েকজন যুবক জড়ো হন। তখন অধিকাংশ মানুষ জুমার নামাজে ছিলেন। একপর্যায়ে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবিসংবলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল শুরু করেন।

এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। নামাজের সময় আট জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad