৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

রাজধানীর মহাখালীতে একটি পুরনো চারতলা ভবনে লাগা আগুন প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার পর ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে, যা দূর থেকেও দেখা যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পাদুকা ব্র্যান্ড এপেক্সের একটি বিক্রয়কেন্দ্রে আগুন লাগে। সকাল ১০টার দিকে ছয়তলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।













-9d4e46-256x144.webp)
-2b65ab-256x144.webp)


-298494-256x144.webp)