‘ছোটকাকুকে’ ঘিরে ২ দিনের উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
‘ছোটকাকুকে’ ঘিরে ২ দিনের উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর

শিশু-কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকুকে ঘিরে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের ‘ছোটকাকু উৎসব ২০২৬’। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসব উপলক্ষে শনিবার দুপুর ১২টায় চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় সংবাদ সম্মেলন করা হয়। এতে ছোটকাকুর লেখক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন এবং সিরিজটির অন্যতম অভিনেতা তারিক আনাম খান উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফরিদুর রেজা সাগরের লেখা ছোটকাকুর ৪৮টি গল্প প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২৫টি গল্প অবলম্বনে ২০০ পর্বের টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে। রহস্য, কৌতূহল ও অভিযাননির্ভর এসব গল্পের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সচেতনতা, বুদ্ধিমত্তা ও দেশাত্মবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছোটকাকুর যাত্রা শুরু হয়।

উৎসবে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবে বিভিন্ন ফান গেম। বিজয়ীদের জন্য ল্যাপটপ, ট্যাব ও ব্লুটুথ স্পিকারসহ নানা পুরস্কার রাখা হয়েছে। পাশাপাশি বড় পর্দায় দেখানো হবে ছোটকাকু সিরিজের বিভিন্ন পর্ব। দুই দিনই থাকবে বিশেষ আয়োজন ‘ছোটকাকু ক্যাফে’।

২৮ সেপ্টেম্বরের আয়োজনে রহস্য, কৌতূহল ও সৃজনশীলতা নিয়ে কথা বলবেন ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সাদাত হোসাইন, মোজাফ্ফর হোসেন, ত্রপা মজুমদার, অপি করিম, তাসনিয়া ফারিণ ও কাজী নওশাবা আহমেদ। গান ও অভিনয় পরিবেশন করবে সর্বনাম-কুঁড়েঘর। পরদিন থাকবেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন ও ছোটকাকুর দলের সদস্যরা।

উৎসব উপলক্ষে নতুন আঙ্গিকে ছোটকাকু সিরিজের ১০টি বাংলা বই এবং চারটি বইয়ের ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement