এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০০: ১৮

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ও ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান গত কয়েকদিনের অচলাবস্থা নিরসনের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৯ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা। পরে রাত ১০টার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এদিকে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট দ্রুত নিরসনে পাঁচ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। তখন থেকেই এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এর অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে শনিবার তারা সব ধরনের কাজ থেকে বিরত থাকার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। রোববারও এ কর্মসূচি অব্যাহত ছিল। সকাল থেকে এনবিআর ভবন থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে দেশের সব স্থলবন্দর শুল্ক স্টেশনে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রম।

এ কর্মসূচি নিয়ে দিনভর নানা নাটকীয়তা হয়েছে। সংস্কার পরিষদের দাবি-দাওয়া নিয়ে বিকেলে সরকারের সঙ্গে বৈঠকও হওয়ার কথা ছিল। তবে অর্থ উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকের আগ পর্যন্ত ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি বন্ধ রাখলেও ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ অবস্থায় সরকারও কঠোর অবস্থান নেয়। বিবৃতিতে জানানো হয়, জরুরি আমদানি-রপ্তানির কারণে এনবিআরের সেবাকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা কর্মস্থলে না ফিরলে ‘কঠোর’ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। অর্থ উপদেষ্টা জানান, শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় আন্দোলনকারীদের সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না।

এর মধ্যেই এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান শুরুর কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ছয়জনের মধ্যে পাঁচজনই এনবিআরের চলমান শাটডাউন কর্মসূচির নেতৃত্বে রয়েছেন। এসব ঘটনার মধ্যে ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন। পরে অচলাবস্থার নিরসন নিয়ে তারা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক।

সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক বলেনন, উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কার ঐক্য পরিষদ জানায়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করছে।

পরিষদের সভাপতি ও মহাসচিব সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। রাজস্ব ব্যবস্থার সংস্কারে সরকারের গঠন করা পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটিকেও স্বাগত জানানো হয়। বলা হয়, এই কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কারে অবদান রাখা সম্ভব।

তবে ‘একটি পূর্ণাঙ্গ ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কারে’ এই পরিষদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধের বাজারেও আরামকোর মুনাফা অব্যাহত, ৩ মাসে বেড়েছে ২৬%

এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৭ দিন আগে

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতি সুনির্দিষ্ট কিছু অলিগার্ক বা ধনাঢ্য শ্রেণির কবজায় ছিল। বর্তমান সরকার সেই বৃত্ত ভেঙে মূলধারার অর্থনীতির বাইরে থাকা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণে’ গুরুত্ব দিচ্ছে।

৮ দিন আগে

আইএমএফের হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

দীর্ঘ সময়ের চাপ ও অনিশ্চয়তার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

১০ দিন আগে

আবারও বাড়ল সোনা-রুপার দাম

নতুন এই দরের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের সোনার দাম এখন ২,৪৪,৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ২,৩৩,৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ২,০০,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধত

১১ দিন আগে