সতর্কতা সত্ত্বেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট, চালুর চেষ্টা চলছে

আন্তর্জাতিক সাইবার সুরক্ষার পরামর্শ মেনে আগে থেকেই সাময়িক বন্ধ রাখা সত্ত্বেও রক্ষা মেলেনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি’র নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে ব্যাংকটির ওয়েবসাইটে হানা দিয়েছে হ্যাকাররা। অন্তত দুটি স্থানে ‘স্প্যাম’ ও ম্যালওয়্যার আক্রমণের আলামত পাওয়ার পর রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত সাইটটি সচল করা সম্ভব হয়নি; সেটি নিরাপত্তাবেষ্টনীতে ফেরাতে নিরবচ্ছিন্ন কাজ করছেন ব্যাংকের আইটি বিশেষজ্ঞরা।
জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটে দুটি জায়গায় হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো চিহ্নিত করে নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ চলছে। আজকের মধ্যেই সাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত সিকিউরিটি প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
সেই সতর্কতার অংশ হিসেবে বাড়তি সুরক্ষার তাগিদে গত বৃহস্পতিবার থেকেই বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রোববার কেন্দ্রীয় ব্যাংকের পোর্টাল যথারীতি চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে ম্যালওয়্যার সংক্রমণের কারণে সেটি আর চালু করা সম্ভব হয়নি।















