এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট-ফুটবলে মাতবে ১০ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রীড়ার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’ নামে এই প্রতিযোগিতায় দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেবে।
আন্তর্জাতিক মানের ভেন্যু, আকর্ষণীয় প্রাইজমানি ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। চলতি অক্টোবর মাসে বসুন্ধরা স্পোর্টস সিটির দুটি ভেন্যু— বসুন্ধরা কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ ২৫ অক্টোবর এবং ফুটবলের ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ক্রিকেট ও ফুটবল— দুই বিভাগেই ১০টি করে দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালের বিজয়ীরা খেলবে ফাইনালে।
দুই বিভাগের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা করে। রানার্সআপ দলের জন্য থাকছে পাঁচ লাখ টাকা করে প্রাইজমানি। সব ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোয়। আগামী ৩ নভেম্বর ফুটবল এবং ১৩ নভেম্বর ক্রিকেটের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রথম আসর।
বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা
এবিজি ইউনিভার্সিটি কাপ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের খেলাধুলার উন্নয়নে কাজ করে আসছে। এবিজি স্পোর্টস সিটি একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স, যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে।
তিনি জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তোলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিসর বাড়ানোই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
টুর্নামেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ইমরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ক্রিকেট ও ফুটবল দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হচ্ছে। প্রথম আসরে ১০টি করে দল অংশ নেবে। তবে আগামী ডিসেম্বর মাসে ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে টুর্নামেন্টের ব্যাপ্তি ও পরিসর আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইমরুল হাসান বসুন্ধরা কিংসের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।
আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো
দেশের ক্রীড়াঙ্গনে বহুমুখী সুযোগ-সুবিধাসম্পন্ন ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে উঠেছে এবিজি স্পোর্টস সিটি। এখানে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, বক্সিং, স্কোয়াশ, ফুটসাল, সাঁতার, প্যাডেল টেনিস ও ব্যাডমিন্টলসহ বিভিন্ন খেলার আয়োজনের ব্যবস্থা রয়েছে। দেশীয় প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের উপযোগী অবকাঠামো গড়ে তোলাও এই স্পোর্টস হাবের অন্যতম লক্ষ্য।
এই কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ বসুন্ধরা কিংস অ্যারেনা। ফিফার স্বীকৃতিপ্রাপ্ত এই ফুটবল ভেন্যুতে নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের নিজস্ব হোম ভেন্যু। বাংলাদেশসহ উপমহাদেশের ক্লাব ফুটবলে নিজস্ব স্টেডিয়ামকেন্দ্রিক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কিংস অ্যারেনা একটি উল্লেখযোগ্য উদাহরণ।
কিংস অ্যারেনার পাশেই রয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। সম্প্রতি এই মাঠে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে স্টেডিয়ামটি দেশের ক্রীড়া অবকাঠামোয় নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন উদ্যোগ
বাংলাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রচলন দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় পর্যায়েও নিয়মিত আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে একই উদ্যোগের আওতায় ক্রিকেট ও ফুটবল—জনপ্রিয় এই দুই খেলাকে নিয়ে করপোরেট পৃষ্ঠপোষকতায় বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজন এবিজি ইউনিভার্সিটি কাপকে আলাদা গুরুত্ব দিচ্ছে।
আন্তর্জাতিক মানের ভেন্যু, আকর্ষণীয় প্রাইজমানি, ফ্লাডলাইটে খেলা এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াভিত্তিক যোগাযোগ ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশও জোরদার হতে পারে।
প্রথম আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিসেম্বরে ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে বৃহত্তর আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার পরিসর আরও বাড়বে।















-4572aa-256x144.webp)
-0aa2e0-256x144.webp)



