সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। তারা হলেন- সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ব্যাংক তিনটির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার ‘সম্মতি বা সুপারিশ’ দিয়েছে।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অক্টোবরে শওকত আলী খানকে সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছিল। এর পরের মাসে জনতা ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে মো. মজিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
পরে ২০২৪ সালের ডিসেম্বরে রূপালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে কাজী মো. ওয়াহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।














